বিভিন্ন কোম্পানির হয়ে পণ্য সরবরাহে নিয়োজিত ডেলিভারিম্যানদের জন্য বিশ্রামাগার স্থাপনের পরিকল্পনা নিয়েছে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)। এজন্য দরপত্র আহ্বান করেছে সংস্থাটি। খবর অ্যারাবিয়ান নিউজ।

আরটিএ বলছে, বিশ্রামাগারগুলো তিনটি গুরুত্বপূর্ণ অবস্থানে স্থাপন করা হবে। প্রথমটি জেবেল আলী গ্রামের ফেস্টিভ্যাল প্লাজার কাছে শেখ জায়েদ রোডে, দ্বিতীয়টি আল মুরাকাবাত স্ট্রিট ২২-এর পাশে পোর্ট সাইদে, তৃতীয়টি আল মানামা স্ট্রিটের কাছে রাস আল খোর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ২ এ।

আরটিএর লক্ষ্য হলো ডেলিভারিম্যানদের জন্য বিশ্রামের এলাকা, রেস্তোরাঁ, রিফুয়েলিংয়ের মতো প্রাথমিক পরিষেবা দেয়া। এছাড়া জননিরাপত্তা ও গুণগত আইনের বিষয়ে শিক্ষামূলক উপাদান সরবরাহ করবে সংস্থাটি। গত বছরগুলোয় পণ্য ডেলিভারি পরিষেবা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এজন্য এ খাত উন্নততর করা ও খাতসংশ্লিষ্টদের নিরাপত্তা জোরদারের চেষ্টা চালাচ্ছে আরটিএ।

২০২২ সালের ডিসেম্বর নাগাদ দুবাইয়ের ডেলিভারি সেবা সংস্থা ছিল ২ হাজার ৮৯১টি, যা ২০২১ সালের তুলনায় ৪৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এর মধ্যে ৩৬টিরও বেশি সংস্থা স্মার্ট প্লাটফর্ম ও অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেবা দিচ্ছে। এজন্য আরটিএ এ খাতের দ্রুত বৃদ্ধি ত্বরান্বিত করতে চালকদের স্থায়ী ও অস্থায়ী বিশ্রামাগার নির্মাণের পরিকল্পনা করেছে। 

আরটিএ পেশাদার রাইডার সার্টিফিকেট প্রদান, ডেলিভারি সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানের মতো উদ্যোগ নিয়েছে। এছাড়া সন্তোষজনক ভোক্তা সেবা প্রদানে চালকদের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন বিষয়ে ওয়ার্কশপসহ অনেক উদ্যোগ চালু করা হয়েছিল।

আরটিএ ডেলিভারি সংস্থাগুলোর দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবেলায় তৎপর। কারণ ডেলিভারি ব্যবসা এখন দুবাইয়ের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে দেখা দিয়েছে।