চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত্ খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের আয় কমলেও মুনাফা বেড়েছে উল্লেখযোগ্য পরিমান। আলোচ্য সময়ে বিক্রি বাবদ খরচ ও অন্যান আর্থিক ব্যয় কম হওয়ায় কোম্পানিটির মুনাফা বৃদ্ধি পেয়েছে। গতকাল প্রকাশিত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ি, চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির মোট সমন্বিত আয় হয়েছে ৫৬৬ কোটি ৫৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ৬৮৬ কোটি ৩২ লাখ টাকা। এ হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত আয় কমেছে ১১৯ কোটি ৭৯ লাখ টাকা বা ১৭ দশমিক ৪৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১০৪ কোটি ৩৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮০ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে নয় মাসে প্রতিষ্ঠানটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ২৪ কোটি ৪ লাখ বা ২৯ দশমিক ৯৪ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৫৩ পয়সা।

অন্যদিকে তৃতয়ি প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শাহজিবাজার পাওয়ারের সমন্বিত আয় হয়েছে ১৮০ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২৬ কোটি ৫৬ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৪৫ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬ কোটি ৮৭ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানািটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬৭ পয়সা।