দেশের দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ফ্রেন্ডশিপের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে একাধিক উদ্যোগ চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। বিশেষত উত্তরাঞ্চলের দুর্গম এলাকাগুলোর প্রায় এক লাখ মানুষের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনাই এ সমন্বিত কর্মসূচির লক্ষ্য।
প্রকল্পের আওতায় হাজারো শিশু চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে, যা তাদের শিক্ষাগ্রহণে মনোযোগ বাড়াতে এবং ভালো ফল করতে সহায়তা করছে। একই সঙ্গে নারীরা পেলভিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন, যা তাদের শারীরিক সুস্থতা ফিরিয়ে আনার পাশাপাশি স্বাভাবিক চলাচল ও আত্মমর্যাদা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
স্বাস্থ্যসেবার পাশাপাশি এ অংশীদারত্ব চরাঞ্চলের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে। একই সঙ্গে তাদের ডিজিটাল দক্ষতা গড়ে তুলতে ও বহির্বিশ্বের সঙ্গে যুক্ত হতে সহায়তা করছে।
ফ্রেন্ডশিপের সঙ্গে অংশীদারত্ব সম্পর্কে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘চরাঞ্চলগুলো দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত এলাকার মধ্যে পড়ে, যেখানে মৌলিক স্বাস্থ্য ও শিক্ষাসেবার সুযোগ অত্যন্ত সীমিত। ফ্রেন্ডশিপের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে আমরা উত্তরাঞ্চলের দুর্গম চর এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের চক্ষু চিকিৎসা ও নারীদের পেলভিক স্বাস্থ্যসেবা দিতে কাজ করছি। এর মাধ্যমে সরাসরি ৩০ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন, পরোক্ষভাবে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। পাশাপাশি কুড়িগ্রাম ও গাইবান্ধার পাঁচটি দুর্গম চরাঞ্চলীয় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, যা সরাসরি সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।’
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও প্রকল্প বাস্তবায়নকারীদের লক্ষ্য কেবল সেবা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং তারা চরাঞ্চলের মানুষের জীবনে টেকসই ও অর্থবহ পরিবর্তন আনতে কাজ করছে। এ উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাসের সঙ্গে শেখার সুযোগ তৈরি ও নারীদের আরো সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়তা করছে। পাশাপাশি চরাঞ্চলের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।
বাংলাদেশের উন্নয়নে ১২০ বছরের অবদানের ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে রয়েছে ও প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এ কর্মসূচি ব্যাংকটির বৃহত্তর সাসটেইনেবিলিটি ও কমিউনিটি এনগেজমেন্ট উদ্যোগের অংশ। —বিজ্ঞপ্তি









