সৌদি আরবের উপকূলীয় অঞ্চলে চালু হচ্ছে পর্যটন কেন্দ্র ‘দ্য রিগ’। মূলত জ্বালানি তেল উত্তোলনের প্লাটফর্মের ওপর এ স্থাপনা তৈরি করা হচ্ছে। বিশ্বে প্রথমবার এমন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দ্য রিগের প্রধান নির্বাহী রাইদ বাখরজি জানান, তিন লাখ বর্গমিটার এলাকা নিয়ে এ মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পভুক্ত চারটি এলাকায় থাকছে ৭০টি আকর্ষণীয় স্থাপনা। থাকবে ৮০০টি হোটেল কক্ষ ও ১১টি রেস্তোরাঁ। চারটি রিগে বিভক্ত থিম পার্কটির অবস্থান সৌদি আরবের পূর্ব উপকূল থেকে ৪০ কিলোমিটার দূরে বেরি জ্বালানি তেল ক্ষেত্র ও আল জুরাইদ দ্বীপের কাছে। বাখরজি বলেন, ‘প্রকল্পটি সম্পূর্ণ হলে আমরা বছরে প্রায় ১০ লাখ অতিথিকে আকর্ষণ করার লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছি। এ পার্ক দিনে ১০ হাজারের বেশি দর্শনার্থীকে সেবা দিতে পারবে।’ জ্বালানি তেলবহির্ভূত বৈচিত্র্যময় অর্থনীতিকে গুরুত্ব দিয়ে ‘ভিশন ২০৩০’ নামের উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়ন করছে সৌদি আরব। এর গুরুত্বপূর্ণ একটি অংশ পর্যটন খাত। দেশটি ছয় বছরের মধ্যে বার্ষিক ১৫ কোটি পর্যটক আকর্ষণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর আগে ২০২৩ সালে ১০ কোটির মাইলফলকে পৌঁছেছে। খবর ও ছবি দ্য ন্যাশনাল