বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর উদ্যোগে এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ইস্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) ও ইস্টার্ন ক্যাবলস লিমিটেড (ইসিএল)-এর উৎপাদিত বৈদ্যুতিক বাতি ও ক্যাবলসের বাজার সম্প্রসারণ, পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং বিপণন কার্যক্রম জোরদারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর মিরপুর-৭ নম্বর এলাকায় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএসইসির চেয়ারম্যান আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মিরপুর ইলেকিট্রক্যাল ব্যবসায়ী সোসাইটির সভাপতি আবুল খায়ের তালুকদার। সভায় বিএসইসির পরিচালক, করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইটিএল ও ইসিএলের ব্যবস্থাপনা পরিচালকদ্বয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বৃহত্তর মিরপুর এলাকার বিশিষ্ট ইলেকট্রিক ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।
সভায় ইটিএল ও ইসিএলের ব্যবস্থাপনা পরিচালকদ্বয় নিজ নিজ প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণগত মান, প্রযুক্তিগত বৈশিষ্ট্য, স্থায়িত্ব, দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি সুবিধা এবং গ্রাহকবান্ধব সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশীয় শিল্পের বিকাশ ও ভোক্তাদের জন্য নির্ভরযোগ্য বৈদ্যুতিক পণ্য নিশ্চিত করতে সরকারি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদিত মানসম্মত পণ্যের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, সরকারি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণগত মান ও বাজার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এসব প্রতিষ্ঠানের উৎপাদন ও বিপণন কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। তিনি জাতীয় স্বার্থ, দেশীয় শিল্পের সুরক্ষা এবং গ্রাহকদের মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইসিএল ও ইটিএলের বৈদ্যুতিক বাতির বিপণন ও বাজার সম্প্রসারণে ডিলার ও বিক্রেতাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ বিএসইসির এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বিপণন কৌশল হিসেবে অভিহিত করেন। তারা ইটিএল ও ইসিএল-এর উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতা এবং সরকারি এ দুই স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।— সংবাদ বিজ্ঞপ্তি









