আরএফএল পার্টিকেল বোর্ড উৎপাদন ও বিপণন খাতে নতুন ব্র্যান্ড ‘প্লাইম্যাক্স’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘প্লাইম্যাক্স’-এর মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর. এন. পাল।
উন্মোচন অনুষ্ঠানে আরএফএলের পক্ষ থেকে জানানো হয়, মূলত সহজলভ্য, সাশ্রয়ী ও সহজে বহনযোগ্য হওয়ায় পার্টিকেল বোর্ডের বহুমুখী ব্যবহার রয়েছে। ব্যবহারের প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ফার্নিচার, ইন্টেরিয়র ডেকোরেশন, কিচেন ক্যাবিনেট, দরজা ও ফ্লোর টাইলস। বর্তমানে বাংলাদেশে পার্টিকেল বোর্ডের বার্ষিক বাজার প্রায় ৩ হাজার কোটি টাকা, যার বার্ষিক প্রবৃদ্ধি প্রায় ১২ শতাংশ। দেশের বাজারে ব্যবহৃত পার্টিকেল বোর্ডের ৭০ থেকে ৭৫ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয়, আর বাকি ২৫ থেকে ৩০ শতাংশ আমদানি করা হয়। মূলত ভারত, চীন ও মালয়েশিয়া থেকে এ পার্টিকেল বোর্ড আমদানি হয়ে থাকে।
আরো জানানো হয়, আরএফএল ‘প্লাইম্যাক্স’ ব্র্যান্ডের পার্টিকেল বোর্ড উৎপাদন করছে নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত কোম্পানিটির নিজস্ব কারখানায়। কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৩ লাখ পিস, যা আগামী দুই বছরের মধ্যে পাঁচ গুণ বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। এ খাতে আরএফএলের মোট বিনিয়োগ ২০০ কোটি টাকা। বর্তমানে মোট জনবল ৫০০ জন, আর আগামী দুই বছরে আরও ১,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এ ব্যবসায়।
উন্মোচন অনুষ্ঠানে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর. এন. পাল বলেন, ‘বাংলাদেশে ইঞ্জিনিয়ারড উড প্রোডাক্টের চাহিদা দ্রুত বাড়ছে। ফার্নিচার, দরজা ও ইন্টেরিয়র খাতে আমাদের বিদ্যমান ব্যবসার ধারাবাহিকতা বজায় রেখে সরবরাহ নিশ্চিত করতে এবং ক্রেতাদের সাশ্রয়ী, মানসম্পন্ন বিকল্প দিতে আমরা পার্টিকেল বোর্ড বাজারে এনেছি। আশা করছি, আরএফএলের অন্যান্য পণ্যের মতো এই পণ্যটিও ভোক্তার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে।
বাংলাদেশে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, নগরায়ণ ও নানাবিধ কারণে পার্টিকেল বোর্ডের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তবে এ খাতের অগ্রগতিতে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সরকার যদি কাঁচামাল আমদানি সহজ করে ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে, তাহলে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে।’
আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম বলেন, ‘প্লাইম্যাক্স’ পার্টিকেল বোর্ড প্যারাফিন মোমযুক্ত, যা পানি প্রতিরোধক হিসেবে কাজ করে। এতে ব্যবহৃত হয়েছে জিরো-এমিশন আঠা, যা শক্ত বন্ধন নিশ্চিত করে। ‘প্লাইম্যাক্স’ পার্টিকেল বোর্ড অনুমোদিত ডিলার, রিটেইলার এবং জনপ্রিয় অনলাইন সাইট othoba.com-এর মাধ্যমে সারাদেশে পাওয়া যাবে। প্রতি পিস ‘প্লাইম্যাক্স’ পার্টিকেল বোর্ডের সর্বোচ্চ খুচরা মূল্য ১,৯৬০ টাকা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনিম, ‘প্লাইম্যাক্স’ পার্টিকেল বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের হেড অব মার্কেটিং শফিক শাহীনসহ অন্যান্য কর্মকর্তারা।









