জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বেড়েছে। এতে সাধারণ মানুষ ব্যাপক জ্বালানি সংকটে ভুগেছে। তা সত্ত্বেও এক্সন মবিল, শেভরন এবং ইকুইনরসহ বড় বড় জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠানগুলো মুনাফার রেকর্ড করেছে। আজ শুক্রবার প্রতিষ্ঠানগুলো চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের উপাত্ত বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে রয়টার্স।

গণমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তেল বিক্রেতা প্রতিষ্ঠান এক্সন মবিল তৃতীয় প্রান্তিকে প্রায় ২০ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে, যা তাদের জন্য রেকর্ড। আরেক প্রতিষ্ঠান শেভরন আয় করেছে ১১ দশমিক ২ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। 

স্থানীয় সময় শুক্রবার নরওয়ের জ্বালানি প্রতিষ্ঠান ইকুইনোরও জানিয়েছে,  তারা আগের বছরের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রায় তিনগুণ লাভ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডার্স ওপেডাল এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ জ্বালানির বাজারে ব্যাপক প্রভাব ফেলেছে। ফলে জ্বালানি সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে। 

এদিকে, বিশ্বজুড়ে মূল্যস্ফীতির মধ্যেই জ্বালানি প্রতিষ্ঠানগুলোর আকাশছোঁয়া মুনাফা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে সমালোচনা শুরু হয়েছে।  এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তেল কোম্পানিগুলো জ্বালানির দাম কমাতে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এ নিয়ে মার্কিন আইনপ্রণেতারাও কথা বলছেন। তারা বলেন, জ্বালানির পেছনে মানুষের খরচ কমানোর জন্য উৎপাদন বাড়ানো দরকার। আর জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠানগুলো সেটি করার ব্যাপারে আন্তরিক নয়।