ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সবচেয়ে বেশি মূল্যমানের শেয়ার লেনদেন হয়েছে জেমিনি সি ফুড লিমিটেডের। আলোচ্য দিনটিতে কোম্পানিটির প্রায় ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটির গতকাল মোট ৯ লাখ ৯ হাজার ৬১৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৪৭ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকা। গতকাল কোম্পানিটির শেয়ার ৪৯৮ থেকে ৫২৮ টাকার মধ্যে লেনদেন হয়েছে। দিনশেষ শেয়ারটির দর ৮ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৫২৮ টাক ২০ পয়সায় দাঁড়িয়েছে। 

২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জেমিনি সি ফুড। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৩০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৭২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সায়। 

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে জেমিনি সি ফুড।