দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে এপেক্স ফুডস লিমিটেডের। আলোচ্য সপ্তাহের পাঁচ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ১৯ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে এপেক্স ফুডসের শেয়ারদর ছিল ২৪৬ টাকা। সপ্তাহ শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ২৯১ টাকা ৭০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৫ টাকা ৭০ পয়সা বা ১৮ দশমিক ৫৮ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ১১ লাখ ৯০ হাজার ৭৫৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩৩ কোটি ১০ লাখ ২২ হাজার টাকা। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৬ কোটি ৬২ লাখ ৪ হাজার ৪০০ টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এপেক্স ফুডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১০ পয়সায়। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৫ টাকা ৩৩ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাররদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এপেক্স ফুডস।










