দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে এবার দাম বাড়তে শুরু করেছে আমদানি করা কাঁচামরিচের। দুদিনের ব্যবধানে এখানকার বাজারে পণ্যটির দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে।
গতকাল হিলির পাইকারি আড়তগুলো ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচ মানভেদে ১২৫-১৩৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। দুদিন আগেও আমদানি করা এসব কাঁচামরিচ মানভেদে কেজিপ্রতি ১১০-১২০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে দুদিনের ব্যবধানে হিলির পাইকারি বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা।
স্থানীয় আমদানিকারক আনোয়ার হোসেন বণিক বার্তাকে বলেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় পর্যায়ে রাখতে বেশ কিছুদিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। সম্প্রতি ভারতের কৃষিপ্রধান বিভিন্ন রাজ্যে অতিবৃষ্টি ও এর জের ধরে সৃষ্ট বন্যায় কাঁচামরিচ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভারতের বাজারেই পণ্যটির দাম বেড়ে গেছে।
তিনি আরো বলেন, বাড়তি দামে হিলির আমদানিকারকরা ভারত থেকে কাঁচামরিচ আমদানি করছেন। এর জের ধরে দেশের বাজারেও আমদানি করা কাঁচামরিচের দাম বাড়তির দিকে রয়েছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি না হওয়ায় দেশের বাজারে পণ্যটির সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। আমদানি করা কাঁচামরিচের মূল্যবৃদ্ধির এটাও একটি কারণ।










