ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের তৃতীয় উৎপাদন ইউনিট চালু করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থতি কারখানাটি গত ৪ জুলাই চালু করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটি।

২০২০ সালের ১১ অক্টোবর ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছিল, তারা চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২২৭ কোটি টাকা বিনিয়োগ করবে। কোম্পানিটির পণ্যের বর্ধিত চাহিদা মেটাতে সেখানে নতুন একটি কারখানা স্থাপন করার কথা জানানো হয় তখন। এ কারখানায় ভোজ্যতেল ও নারকেল তেল বাদে অন্যান্য পণ্য উৎপাদন করা হবে বলে জানান কোম্পানিটির কর্মকর্তারা। দেশে উৎপাদিত পণ্যে স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে নতুন এ ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। তাদের গাজীপুরের মৌচাক ও সিরিরচালায় অবস্থিত দুই কারখানায় উৎপাদিত পণ্য অনেক আগে থেকেই নেপালে রফতানি হচ্ছে।

সর্বশেষ ৩১ মার্চ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য ৭৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ম্যারিকো বাংলাদেশের পর্ষদ। অবশ্য এ লভ্যাংশ অন্তর্বর্তীকালীন দুই দফায় ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় ৪৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ও দ্বিতীয় দফায় ৩০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তবে বছর শেষে শেয়ারহোল্ডারদের জন্য নতুন করে কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। ঘোষিত এ লভ্যাংশে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এরই মধ্যে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৫ মে।