নতুন করে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবারো শূন্য কভিড নীতিমালা ঘোষণা করা হয়েছে। আদতে যা এক ধরনের লকডাউন। এ পরিস্থিতিতে ব্যবসায় লোকসান ঠেকাতে চীন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে স্বল্পকালীন কক্ষ ভাড়া দেয়া প্রতিষ্ঠান এয়ারবিএনবি। তার বদলে চীনের যে পর্যটকরা বিশ্বের অন্য দেশ ভ্রমণে যাবেন, তাদের জন্য থাকার ব্যবস্থা করে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। খবর এপি।
এর ফলে আগামী গ্রীষ্ম থেকে এয়ারবিএনবির ওয়েবসাইট থেকে সরে যাচ্ছে চীনের সব ঠিকানা। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সরকারি নানা বিধিনিষেধের কারণে গত কয়েক বছরে এয়ারবিএনবির মোট রাজস্বের মাত্র ১ শতাংশ এসেছে চীন থেকে, যা হতাশাব্যঞ্জক। এ অবস্থায় চীনের অভ্যন্তরে কক্ষ ভাড়া দেয়ার চেয়ে বিশ্বের অন্যান্য দেশে চীনা পর্যটকের জন্য স্বল্পমেয়াদি আবাসনের ব্যবস্থা করা বেশি লাভজনক হবে।
মহামারীর আগে চীনের পর্যটকরা প্রচুর পরিমাণে ভ্রমণ করতেন। এক দশকের কম সময়ে তাদের বিদেশ ভ্রমণের পরিমাণ বেড়েছিল প্রায় তিনগুণ। কিন্তু ২০২০ সালে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় কঠোর বিধিনিষেধ দেয় চীন।
২০১৬ সাল থেকে চীনে ব্যবসা শুরু করে এয়ারবিএনবি। সে সময় থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ পর্যটক তাদের কাছ থেকে কক্ষ ভাড়া নিয়েছেন। একটি সূত্র বলছে, শুরু থেকেই চীন পর্যটকদের জন্য তুলনামূলক ব্যয়বহুল ছিল। তাছাড়া বিভিন্ন নিয়মেরও কড়াকড়ি ছিল। ফলে সব মিলিয়ে এয়ারবিএনবির জন্য ব্যবসার অভিজ্ঞতা তেমন সুখকর নয়। এর মধ্যে মহামারী শুরু হলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। শেষ পর্যন্ত চীন ছাড়ার সিদ্ধান্ত নেয় এয়ারবিএনবি।










