সম্প্রতি অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছেন অ্যান্থনি আলবানিজ। চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য পুনরুদ্ধার করতে চীন সরকারকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর এপি।
দুই বছর ধরে অস্ট্রেলিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সম্প্রতি অস্ট্রেলিয়ার নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যান্থনি আলবানিজ। নতুন অস্ট্রেলিয়া সরকারকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। তিনি বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে প্রস্তুত চীন। যদিও দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির জন্য চীনের দিকে আঙুল তুলেছেন অ্যান্থনি আলবানিজ। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া নয়, বরং ২০১৩ সালে মধ্যবামপন্থী সরকার ক্ষমতায় আসার পর চীনে পরিবর্তন এসেছে।
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে কয়েকশ কোটি ডলার মূল্যের অস্ট্রেলীয় পণ্যের রফতানি বন্ধ হয়ে যায়। এর মধ্যে রয়েছে কয়লা, বার্লি, গরুর মাংস ও সামুদ্রিক খাদ্যসহ আরো কয়েকটি পণ্য।
সম্প্রতি টোকিও সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, চীনই প্রথম অস্ট্রেলিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এজন্য যথার্থ কোনো কারণও চীনের কাছে নেই। তাই তাদের এ নিষেধাজ্ঞা তুলে নেয়া প্রয়োজন।
এদিকে চীনকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানান অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জিম চালমার্সও। তিনি বলেন, আমরা অবশ্যই চাই অস্ট্রেলিয়ার ওপর সব নিষেধাজ্ঞা ও আরোপিত কর তুলে নেয়া হোক। এতে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের কয়েকজন নিয়োগকর্তা ও কর্মীর জন্য তা বিপজ্জনক হয়ে উঠেছে।
এদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে ফিজিতে সফরে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অসম্মতি প্রকাশ করেছে পেনি ওংয়ের অফিস।
টোকিও সামিট শেষে অস্ট্রেলিয়া ফেরার আগে অ্যান্থনি আলবানিজ নির্বাচনে জেতার জন্য ভোটারদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি সবসময় সততার সঙ্গে কাজ করব। আমাদের বন্ধু, অংশীদার ও অন্য নেতাদের সঙ্গে কাজ করার সময় সততা বজায় রাখার চেষ্টা করব। এর আগে ন্যাশনাল প্রেস ক্লাবে এক বক্তব্যে অন্যান্য দেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক খারাপ হওয়ার জন্য তিনি পূর্বসূরি স্কট মরিসনকে দায়ী করেন। পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ব্যক্তিগত টেক্সট ম্যাসেজ গণমাধ্যমে ফাঁস করার জন্যও স্কট মরিসনকে দোষারোপ করেন সদ্য নির্বাচিত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।










