লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেট শেষে আজ থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনে ফিরছে বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত ৩ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মতি পাওয়ার পর ৬ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১০ জুলাই।