বর্তমান মৌসুমের চেয়ে আগামী মৌসুমে ভারতের চিনি উৎপাদন পাঁচ লাখ টনেরও বেশি বাড়বে। ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন (আইএসএমএ) তার সর্বশেষ প্রাক্কলনে জানায়, চলতি বছরে দেশটির আখ আবাদ ৪ শতাংশ বেড়েছে। এতে পরবর্তী মৌসুমে ভারতের চিনি উৎপাদন ৩৯৯ দশমিক ৯৭ লাখ টনে দাঁড়াবে বলে আশাবাদ আইএসএমএর। উল্লেখ্য, গত মৌসুমে ভারতে চিনি উৎপাদন হয়েছিল ৩৯৪ লাখ টন।

এক বিবৃতিতে আইএসএমএ জানায়, চলতি মৌসুমের ১০ জুলাই নাগাদ প্রায় ৩৪ লাখ টন আখ ইথানলে রূপান্তর করা হয়েছে। ২০২২-২৩ মৌসুমে ৫৪৫ কোটি লিটার ইথানল উৎপাদন লক্ষ্যমাত্রা ভারতের। এতে ইথানল তৈরিতে আখের ব্যবহার ১২ শতাংশ বেড়ে ৪৫ লাখ টনে দাঁড়াতে পারে।

স্থানীয় বাজারে চিনির চাহিদা ২৭৫ লাখ টন। আশা করা যাচ্ছে পরবর্তী মৌসুমে প্রায় ৮০ লাখ টন অতিরিক্ত চিনি রফতানি করা যাবে।