বেশ ভালোভাবেই পুনরুদ্ধার হচ্ছে ইরাকের অর্থনীতি। ধারণা করা হচ্ছে, চলতি বছরই দেশটির মোট দেশীয় পণ্য মহামারীপূর্ব পরিস্থিতিতে পৌঁছতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, ওপেকের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল উৎপাদক দেশটি তেলের উচ্চমূল্যের কারণে বেশি সুবিধা পেয়েছে। খবর দ্য ন্যাশনাল।
জ্বালানি তেল উৎপাদন বৃদ্ধি পাওয়ায় ২০২২ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ১০ শতাংশ হবে। সম্প্রতি ইরাকি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এক বিবৃতিতে আইএমএফ এ তথ্য জানায়।
২০২১ সালে দেশটির সত্যিকারের জ্বালানি তেলবহির্ভূত জিডিপি বিস্তৃত হয় ২০ শতাংশ। সে সময় অর্থনৈতিক কার্যক্রম পুনরুদ্ধার, রাজস্ব বিষয়ে অবস্থান এবং দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা পদক্ষেপের কারণে অর্থনীতি পুনরুজ্জীবিত হয়েছিল। সে ধারায় চলতি বছর দেশটির জিডিপি আরো ৫ শতাংশ বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মস্কোর ওপর নিষেধাজ্ঞা জারি করায় মধ্য মার্চে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১৪০ ডলারে দাঁড়ায়। পরে কিছু লাভের হিসাব বাদ দিলেও দাম এখনো উচ্চপর্যায়ে রয়ে গেছে। গত বছর বৈশ্বিক অর্থনৈতিক গতিবেগ বৃদ্ধি পাওয়ায় চাহিদা বৃদ্ধি পায়, তাতে জ্বালানি তেলের দাম বেড়ে যায় ৬৭ শতাংশ।










