বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪ শুরু হয়েছে ফরিদপুরে। গতকাল শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে ৩৫টি স্টলে ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ কে আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ কে আজাদ বলেন, ‘নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিয়ে তাদের আগ্রহী করে তোলা গেলে এ খাতে বেশি উন্নয়ন হবে। আমরা বিশ্বাস করি, শুধু শিল্প খাত নয়, আগামী কয়েক বছরের মধ্যে সবার সহযোগিতায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে।’
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক আঞ্চলিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন ও বিসিক কর্মকর্তা মানছুরুল করিমসহ আরো অনেকে। মেলায় ৩৫টি স্টলে সিল্কের শাড়ি, থ্রিপিস, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, প্রসাধনী, বুটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।










