বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হওয়া জাতীয় প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে আয়কর রেয়াত পাওয়ার বিধান বাতিল হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বুধবার (২০ নভেম্বর) বণিক বার্তাকে বলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

এনবিআরের একটি সূত্র জানিয়েছে, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ২১-২৩ নভেম্বর ফিলিপাইনে অবস্থান করবেন। তিনি এলে প্রজ্ঞাপন জারি হবে।

শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এসব প্রতিষ্ঠানে ব্যক্তি শ্রেণীর করদাতারা দান বা অনুদান করলে আয়কর রেয়াত পেতেন।

২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারা অনুযায়ী এ সুবিধা দেয়া হয়। মোট ১৫টি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত বা তার প্রযোজ্য কর থেকে কম দেয়ার সুযোগ পেয়ে থাকেন। সে হিসেবে ‘জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত যেকোনো পরিমাণের অর্থ আয়কর আইনের ধারা ৭৮ অনুসারে কর রেয়াত সুবিধা পাবেন।’

গত ১৬ অক্টোবর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদেরকে বলেছেন, অন্তর্বর্তী সরকার তাকে (শেখ মুজিবুর রহমান) ‘জাতির পিতা’ মনে করে না। একই দিন অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিল করে পরিপত্র করে। এরপর ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম।