‘সঞ্চয় ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে একটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ব্যাংক লিমিটেডের পর্ষদ। প্রস্তাবিত এ ডিজিটাল ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার হওয়ার জন্য সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ‘সঞ্চয় ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামের ডিজিটাল ব্যাংকের মোট পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। যার ১০ শতাংশের মালিকানায় থাকবে ঢাকা ব্যাংক। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে ব্যাংকটি।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ সুপারিশ করে ব্যাংকটি। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৬৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২২ টাকা ৮ পয়সায়।










