ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন মো. আবিদ হোসেন খান। গতকাল তিনি এ পদে যোগদান করেন। ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আবিদ হোসেন ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি হিসাবরক্ষণ, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, ব্যবসায়িক পারফরম্যান্স ব্যবস্থাপনা, ট্রেজারি ও কর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ডিএসইতে যোগদানের আগে তিনি শপআপ গ্রুপে গ্রুপ উপপ্রধান অর্থ কর্মকর্তা, বাংলালিংকে অর্থ, পরিকল্পনা ও বিশ্লেষণ (এফপিঅ্যান্ডএ) বিভাগের পরিচালক এবং গ্রামীণফোনে হিসাব বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করেন।