বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালট্যান্টস লিমিটেডের। রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে কোম্পানিটি স্বাভাবিক নিয়মে লেনদেনে ফিরবে। ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় দুই দাগে ১০ দশমিক ৪৭৮ ও ৯ দশমিক ৫৮৭ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে আইটি কনসালট্যান্টসের পর্ষদ। এজন্য কোম্পানিটির ৩৫ কোটি টাকা ব্যয় হবে। এ জমির ওপরে কোম্পানিটি দুই তলা বেজমেন্ট ও ১৩ তলাবিশিষ্ট একটি বহুতল ভবন নির্মাণ করবে। অত্যাধুনিক আইটি অবকাঠামো ও অত্যাধুনিক ডাটা কেন্দ্র স্থাপনে কোম্পানিটির মোট ব্যয় হবে ২৮০ কোটি টাকা। এ বিনিয়োগের পরিমাণ কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে উল্লেখিত স্থায়ী সম্পদের ৫০ শতাংশের বেশি হবে। এর মধ্যে ৭৬ কোটি টাকা কোম্পানির নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। বাকি ২০৪ কোটি টাকা পর্যায়ক্রমে ব্যাংকঋণের মাধ্যমে জোগান দেয়া হবে। ব্যাংকঋণের মাধ্যমে কোম্পানিটি প্রথম দফায় ৫০ কোটি টাকা, দ্বিতীয় দফায় ৫৭ কোটি টাকা ও তৃতীয় দফায় ৯৭ কোটি টাকা সংগ্রহ করবে। এসব বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে ইজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ।










