২০২৪ সালে বৈশ্বিক মন্দার আশঙ্কা গত বছরের তুলনায় কম। তবে রাজনীতির অপ্রত্যাশিত গতি-প্রকৃতির কারণে মূল্যস্ফীতির ঝুঁকি রয়ে গেছে। সাম্প্রতিক এক পডকাস্টে এমন মন্তব্য করেছেন মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি গোল্ডম্যান স্যাকসের সিইও ডেভিড সলোমন। খবর আরব নিউজ।

তিনি আরো বলেন, ‘‌২০২৪ সালে অর্থনৈতিক পরিস্থিতি বেশ গঠনমূলক হবে। তবে এর মানে নয় যে একেবারে স্বাভাবিক হয়ে যাবে এবং মন্দার কোনো আশঙ্কা নেই।’

ডেভিড সলোমন বলেন, ‘‌মূল্যস্ফীতি অবশ্যই ইতিবাচকভাবে কমেছে। তবে এখনো এ বিষয়ে মাথাব্যথার কারণ রয়েছে। আপনি যদি ভূরাজনৈতিক গতিশীলতার দিকে তাকান দেখবেন, এটি মূল্যস্ফীতিকে প্রভাবিত করতে পারে। আমি মনে করি, মূল্যস্ফীতি বর্তমান অবস্থার তুলনায় একটু স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে।’

গোল্ডম্যান স্যাকসের এ নির্বাহীর মতে, মার্কিন ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি সম্পর্কে আরো সচেতন হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি দ্বারা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশি। অনেকেই মনে করেন সুদহার অনেক কমবে এ বছর। তবে আমি এতে পুরোপুরি নিশ্চিত নই।

সুদহার কমনোর ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য সংখ্যক প্রতিবন্ধকতা রয়েছে বলে মনে করেন গোল্ডম্যান স্যাকসের সিইও। ডেভিড সলোমন এ সময় বিশ্বজুড়ে ব্যবসার ইতিবাচক নতুন প্রবণতা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘‌২০২৩ সালের তুলনায় পরের দুই বছরে বিশ্বব্যাপী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মাঝে একীভূতকরণ ও অধিগ্রহণ কার্যক্রম বাড়বে।’

আর্থিক খাতে মানুষ আস্থা ফিরে পাচ্ছে উল্লেখ করে ডেভিড সলোমন বলেন, ‘‌এ কারণে লেনদেন, অর্থায়ন, বিনিয়োগ ও বিভিন্ন ধরনের চুক্তি বাড়তে শুরু করেছে।’

তিনি আরো উল্লেখ করেন, ১৮ মাস ধরে ইনভেস্টমেন্ট ব্যাংক খাতে এক দশকের মধ্যে সর্বনিম্ন লেনদেন লক্ষ করা গেছে। এ পরিস্থিতি উত্তরণে আশাবাদী ডেভিড সলোমন। তিনি মনে করেন না যে এ অবস্থা দীর্ঘদিন ধরে বজায় থাকবে।

সবশেষে ডেভিড সলোমন বলেন, ‘‌আমি মনে করি পরবর্তী ১২-২৪ মাসের মধ্যে ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে আমরা ১০ বছরের গড় লেনদেনে ফিরে যেতে পারব। বিশ্বব্যাপী একীভূতকরণ ও অধিগ্রহণের মাধ্যমে আমরা এর আভাস দেখতে শুরু করেছি।’