দেশের চাহিদা পূরণে খাদ্যশস্য উৎপাদনে নিজেদের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে বেলারুশ। এরই অংশ হিসেবে চলতি বসন্ত মৌসুমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা দেশটির। গত বছরে ইউরোপ মহাদেশীয় দেশটির খাদ্যশস্য উৎপাদনের মোট পরিমাণ ছিল ৮০ লাখ টন। তবে চলতি বছরে সেটিকে আরো বাড়িয়ে বেলারুশের খাদ্যশস্য সংগ্রহের পরিমাণ ৮৫ লাখ টনে উন্নীত করার পূর্বাভাস দিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।
সম্প্রতি বেলারুশের কৃষিমন্ত্রী ইভান ক্রুপকো রাষ্ট্রীয় গণমাধ্যম বেল্টা নিউজকে বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের কৃষি খামারিরা এরই মধ্যে বসন্তকালাীন শস্য রোপণ শুরু করে দিয়েছেন। যদিও ঠাণ্ডা আবহাওয়া ও বরফের কারণে গত সপ্তাহে দেশের আবহাওয়া কেন্দ্র থেকে বলা হয়েছিল যে মার্চের পরিবর্তে এপ্রিলের মাঝামাঝিতে এ বছর শস্য রোপণ শুরু করতে হবে। তবে সম্ভাব্য সময়ের বেশ আগেই ফসলের আবাদ শুরু করেছেন কৃষকরা। চলতি বছরে ফসল উৎপাদনের পরিমাণ বাড়বে বলেও আশা ইভানের।
বেলারুশের কৃষকরা বলছেন, চলতি বছরে ২৩ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে বসন্ত মৌসুমের খাদ্যশস্য আবাদের পরিকল্পনা করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি প্রান্তিকের শুরুতেই খাদ্যশস্যের আবাদ করেছেন তারা।










