চলতি বছর ৭০ লাখ টন চাল রফতানির প্রাক্কলন করেছে ভিয়েতনাম। গত বছরের তুলনায় রফতানি বাড়বে ১২ দশমিক ২ শতাংশ। সোমবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। তবে বেসরকারি হিসাব অনুযায়ী, রফতানি ৭২-৭৩ লাখ টনে উন্নীত হতে পারে। আর এটি হতে যাচ্ছে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ রফতানি। খবর বিজনেস রেকর্ডার।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, এ বছর চাল রফতানি থেকে দেশটির আয় হবে ৩৫০ কোটি ডলার। গত বছরের তুলনায় আয় ৬ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে। এ বছরের বড় একটি সময়জুড়ে পরিমাণ ও অর্থমূল্যের দিক থেকে চাল রফতানিতে ঊর্ধ্বমুখী ধারা ধরে রেখেছে ভিয়েতনাম। বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে এবং গুণগত মান বজায় রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে দেশটি।
সরকারি তথ্য বলছে, এ বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ভিয়েতনামের চাল রফতানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সময় রফতানি করা হয়েছে ৬৭ লাখ টন। রফতানি থেকে আয় হয়েছে ৩২০ কোটি ডলার। মূল্যমানের দিক থেকে রফতানি ৬ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বছরের এখন পর্যন্ত ভিয়েতনাম সবচেয়ে বেশি রফতানি করেছে ফিলিপাইনে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারেও লক্ষণীয় মাত্রায় রফতানি বাড়াতে সক্ষম হয়েছে দেশটি।










