প্রযুক্তি প্রতিষ্ঠান শপআপ জানিয়েছে, ফাসানারা ক্যাপিটাল, জেমকর্প ক্যাপিটাল এবং আমওয়াল ক্যাপিটাল পার্টনার্স থেকে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে তাদের মূল প্লাটফর্ম সিল্ক। এ তহবিল সিল্কের এমবেডেড ফাইন্যান্সিং প্লাটফর্ম ‘ফিনা’র সম্প্রসারণ গতিশীল করতে ব্যবহৃত হবে।
সংগৃহীত এ তহবিল সৌদি আরবে ফিনার মাধ্যমে বিনিয়োগ করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, ব্যবসায়ীরা নিয়মিত যেসব ডিজিটাল প্লাটফর্মে কেনাবেচা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন, সেসব প্লাটফর্মের মধ্যেই অর্থায়নের সুবিধা দেবে ফিনা। এর ফলে ব্যবসার প্রয়োজনীয় কার্যকর মূলধন দ্রুত পাওয়ার সুযোগ তৈরি হবে।
উপসাগরীয় অঞ্চল ও দক্ষিণ এশিয়া জুড়ে ব্যবসার জন্য এমবেডেড আর্থিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০২৫ সালে শপআপ এবং সৌদি আরবের সারির একীভূতকরণের মাধ্যমে সিল্ক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্লাটফর্মটি উভয় অঞ্চলের ৩ লাখেরও বেশি ব্যবসায়ীকে সেবা দিচ্ছে।
এই বৃহত্তর রূপকল্পের অংশ হিসেবে শপআপ বাংলাদেশের খাদ্য রফতানি বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক বাণিজ্যকে আরো শক্তিশালী করে চলেছে। এরই মধ্যে সৌদি আরব ও যুক্তরাজ্যে ৪৭০ টন চাল পাঠানোর পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের বাজারগুলোয় তাজা শাকসবজি ও ফলমূল রফতানি করা হয়েছে। এ উদ্যোগগুলো সিল্ক ইকোসিস্টেমের আন্তঃসীমান্ত বাণিজ্য অবকাঠামোকে আরো সুদৃঢ় করছে।
আরো বলা হচ্ছে, ব্যবসায়ীদের অন্যতম বড় চ্যালেঞ্জ-সময়মতো প্রয়োজনীয় মূলধনের অভাব দূর করতেই ফিনা তৈরি করা হয়েছে। ডিজিটাল বাণিজ্য কেনাকাটা ও কার্যক্রমকে সহজ করলেও অর্থায়ন এখনো প্রবৃদ্ধির ক্ষেত্রে একটি বড় বাধা। ফিনা দৈনন্দিন ব্যবসায়িক লেনদেনের ভেতরেই অর্থায়নের সুবিধা যুক্ত করে ব্যবসায়ীদের খুব দ্রুত ও সহজ উপায়ে মূলধন পাওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে।
সিল্কের সহ-প্রতিষ্ঠাতা ও ফিন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলদোসারি বলেন, ‘আমরা নিজেরা কেবল একটি আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান হতে চেয়েছিলাম বলে “ফিনা” তৈরি করিনি। আমাদের ব্যবসায়ীদের এমন মূলধন প্রয়োজন ছিল, যা তাদের ব্যবসার ধরন বোঝে-সেই চাহিদা থেকেই ফিনার জন্ম। এই বিনিয়োগ আধুনিক ব্যবসায়ীদের জন্য উপযুক্ত আর্থিক অবকাঠামো গড়ে তোলার কাজকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে।’
শপআপের মতে, এ বিনিয়োগ শীর্ষস্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি বড় আস্থার প্রতিফলন। এটি কেবল ফিনা-র প্রবৃদ্ধির সম্ভাবনাই নয়, বরং বাণিজ্যের মূল ধারায় আর্থিক সেবাকে যুক্ত করার যে লক্ষ্য সিল্ক নিয়েছে, তার প্রতি আস্থা প্রদর্শন করে। সিল্ক ইকোসিস্টেমের একটি মূল অংশ হিসেবে, শপআপও দক্ষিণ এশিয়ার ব্যবসায়ীদের ডিজিটাল বাণিজ্য ও আর্থিক সুবিধা নিশ্চিতের মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নে অবদান রেখে চলেছে।









