চলতি সপ্তাহে ভিয়েতনামের কফি বাজারে লেনদেন নিম্নমুখী ছিল। এ ছাড়াও আগের সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কফির দাম স্থিতিশীল ছিল। অক্টোবরে নতুন ফসল কাটার আগে দেশটির ব্যবসায়ীরা আবহাওয়া ও ফলন হারের ওপর নজর রাখছেন। খবর রয়টার্স।
ভিয়েতনামের প্রাথমিক কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডে কৃষকরা প্রতি কেজি কফি ২ ডলার ৭৮ সেন্ট থেকে ২ ডলার ৮৬ সেন্টে বিক্রি করছেন, যা আগের চেয়ে তুলনামূলকভাবে কিছু বেশি দামে বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, জুলাইয়ে ভিয়েতনামের কফি রফতানি আগের মাসের তুলনায় ২২ দশমিক ৬ শতাংশ কমে মোট ১ লাখ ৮ হাজার ৮৭২ টন হয়েছে। জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ভিয়েতনাম থেকে কফির চালান বছরওয়ারি ৩ দশমিক ৪ শতাংশ কমে ১১ লাখ ২০ হাজার টনে পৌঁছেছে।
গত সাত থেকে আট বছরের মধ্যে জুলাইয়ে কফি রফতানির পরিমাণ সর্বনিম্ন ছিল। রফতানি কমার সংবাদ আসার পর লন্ডনে কফির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে সেন্ট্রাল হাইল্যান্ডে ভারি বৃষ্টিপাত ও বন্যা সত্ত্বেও ব্যবসায়ীরা মনে করছেন কফি গাছগুলো কোনো রকম ঝুঁকিতে নেই।
একই অঞ্চলের আরেক ব্যবসায়ী জানান, কফি গাছগুলোর জন্য আবহাওয়া বর্তমানে অনুকূল রয়েছে এবং আগামীতে উৎপাদন সামঞ্জস্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
তবে কৃষকদের আরো লাভজনক উচ্চ ফলনশীল চাষাবাদের দিকে যাওয়ার কারণে চাষের জমির সংখ্যা কমেছে, যা সম্ভবত এ বছর কফির মোট ফলনকে প্রভাবিত করতে পারে।










