২০২২ সালে ইউরোপে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রফতানি ১৪০ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০ কোটি ঘনফুটে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিংকেন এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সি।
ইইউ-ইউএস এনার্জি কাউন্সিল বৈঠক সামনে রেখে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন পলিসি প্রধান জোসেফ বোরেলের সঙ্গে ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নজিরবিহীন জ্বালানি নিরাপত্তা সহায়তার বিষয়ে আলোচনা হবে। এ সহায়তা আরো জোরদারে প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘জলবায়ু বিপর্যয় মোকাবেলায় আমরা আমাদের প্রতিশ্রুতি বিনিময় করেছি। এর মধ্য দিয়ে বৈশ্বিক পরিচ্ছন্ন জ্বালানিতে স্থানান্তর, স্থিতিস্থাপকতা সৃষ্টি, নিরাপদ ও নবায়নযোগ্য জ্বালানির জন্য বৈচিত্র্যময় সরবরাহ চেইন গতিশীল হবে।’
ব্লিংকেনের তথ্যমতে, গত বছর যুক্তরাষ্ট্র ইউরোপে ৫ হাজার ৬০০ কোটি ঘনফুট এলএনজি রফতানি করেছে, যা ইউরোপের মোট এলএনজি আমদানির ৪০ শতাংশ। এছাড়া এক বছরের ব্যবধানে ব্লকটিতে রফতানি বেড়েছে ১৪০ শতাংশ। যুদ্ধ শুরুর আগে ইউরোপ রাশিয়ান গ্যাসের ওপর ৪০ শতাংশ নির্ভর ছিল। কিন্তু বর্তমানে তা কমে ১৫ শতাংশে নেমেছে। ব্লকটি যাতে রাশিয়ান জ্বালানির ওপর থেকে নির্ভরতা আরো কমিয়ে আনতে পারে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।









