আন্তর্জাতিক বাজারে গতকাল তামার দাম বেড়েছে। শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে নতুন করে বিনিয়োগের খবরে ধাতুটির বাজার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। এর আগে টানা চার কার্যদিবস কমতির দিকে ছিল দাম। খবর বিজনেস রেকর্ডার।
গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) বাজার আদর্শ তামার ভবিষ্যৎ সরবরাহ চুক্তির মূল্য ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৮ হাজার ৪০৬ ডলারে। এর আগে বুধবার অর্থনৈতিক শ্লথগতি ও নিম্নমুখী চাহিদার প্রভাবে দুই মাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল দাম।
চীনের দক্ষিণাঞ্চলীয় উৎপাদন হাব হিসেবে পরিচিত গুয়াংঝু চলতি বছর ১ হাজার ৭২২টি প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা করছে। এতে ব্যয় হবে অন্তত ৬ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। এ খবর প্রকাশের পরই তামার বাজার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
তবে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে তামার দাম ১ দশমিক ৮ শতাংশেরও বেশি কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৬৩ হাজার ৮৫০ ইউয়ান বা ৯ হাজার ২৮৯ ডলার ৯৮ সেন্টে, যা গত ৪ নভেম্বরের তুলনায় সর্বনিম্ন।
এলএমইতে তামার পাশাপাশি গতকাল অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ, দস্তার দশমিক ৭ শতাংশ ও টিনের ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। তবে নিকেলের বাজারদর দশমিক ৫ শতাংশ কমেছে।










