পরিবেশবান্ধব জ্বালানি উন্নয়নে একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেছে জাপান ও সৌদি আরব। জাপানের শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, কার্বন রিসাইকেল প্রযুক্তি এবং হাইড্রোজেন ও অ্যামোনিয়াকে একটি পরিবেশবান্ধব জ্বালানি উৎস হিসেবে ব্যবহারসহ জ্বালানি খাতে সহযোগিতার জন্য সৌদি আরবের সঙ্গে একটি স্মারক স্বাক্ষর হয়েছে। খবর জাপান টুডে।
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা ও সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান সম্প্রতি রিয়াদে এক বৈঠকে মিলিত হন। সেখানে তারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নিতে সম্মত হয়েছেন।
কয়েক বছর ধরেই সৌদি আরব জ্বালানি তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এরই অংশ হিসেবে দেশটি ভিশন ২০৩০ নামে একটি লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। এক্ষেত্রে বেসরকারি খাতনির্ভর অর্থনীতি গড়ার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের দেশটি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় জ্বালানি তেল উৎপাদক ও আমদানিকারকদের মধ্যে আলোচনার মাধ্যমে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার গুরুত্বের বিষয়টি উভয় দেশের প্রতিনিধিরা স্বীকার করেছেন।
জাপানের অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, কার্বন নিঃসরণ ব্যবস্থাপনা এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অংশগ্রহণমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রী নিশিমুরা মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চলে সফর করেন। পাশাপাশি আগামী বছরের ৫ জানুয়ারি থেকে তিনি ছয়দিনের সফরে যুক্তরাষ্ট্র যাবেন।










