কয়েক দিন চাঙ্গা ভাবের পর ফের দাম কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের। এ ধারাবাহিকতায় বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সম্প্রতি টানা দুদিন পণ্যটির দাম নিম্নমুখী রয়েছে। মূলত খ্রিস্টানদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বড়দিনের ছুটির আগে বাণিজ্য সংকুচিত হয়ে আসায় পণ্যটির দাম কমেছে। খবর বিজনেস টাইমস।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জের মঙ্গলবার কার্যদিবস শেষে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েল ২ হাজার ৯১৩ রিঙ্গিতে (মালয়েশিয়ান মুদ্রা) বেচাকেনা হয়, যা আগের দিনের তুলনায় ৬ রিঙ্গিত বা দশমিক ৩ শতাংশ বেশি।
মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদন ও রফতানিকারক দেশ। বায়োডিজেল উৎপাদনে জোরারোপ করায় এবার দেশটিতে পণ্যটির অভ্যন্তরীণ ব্যবহার বেড়েছে। এদিকে বছরজুড়ে বিদ্যমান প্রতিকূল আবহাওয়া ও পর্যাপ্ত সার প্রয়োগের অভাবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া উভয় দেশেই পাম অয়েলের উৎপাদন কমছে। ফলে আগামী বছরের প্রথমার্ধে বিশ্ববাজারে পণ্যটির সরবরাহ সংকট ভয়াবহ আকার ধারণ করবে বলে পূর্বাভাস করছে বিভিন্ন খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান।









