পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ মালপত্র নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইব্রেরিয়া পতাকাবাহী এমভি সাপোডিলা জাহাজ। গতকাল বেলা ২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। জাহাজে রাশিয়া থেকে ৩ হাজার ২৪৩ দশমিক ৩৫ টন মেশিনারিজ পণ্য আমদানি করা হয়েছে।
এমভি সাপোডিলা জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপ এজেন্ট লিমিটেডের সিনিয়র ব্যবস্থাপক অসিম সাহা জানান, গত ১৬ জুলাই জাহাজটি রাশিয়ার পিটার্সবাগ বন্দর থেকে ৯৩৪ প্যাকেজের ৩ হাজার ২৪৩ দশমিক ৩৫ টন মেশিনারিজ পণ্য নিয়ে ছেড়ে আসে। চারদিনের মধ্যে এসব পণ্য সম্পূর্ণ খালাস করে সড়কপথে তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।
সর্বশেষ গত ২৬ জুলাই রুশ জাহাজ এমভি ইসানিয়ায় করে ৪৪২ প্যাকেজের ১ হাজার ২৭০ টন মেশিনারিজ পণ্য আসে। এর আগে ১১ জুলাই এমভি মার্গারেট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান জাহাজ সরাসরি রাশিয়া থেকে রূপপুরের মালপত্র নিয়ে মোংলা বন্দরে আসে। সেসব পণ্য এরই মধ্যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হয়েছে।









