ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কেবল শিল্প গড়ে তুলতে হবে। কেবল শিল্পের জন্য স্মার্ট সম্পদ ব্যবস্থাপনা অপরিহার্য। এ লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডকে স্মার্ট বাংলাদেশ যুগের উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।’
প্রতিমন্ত্রী গতকাল বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডকে গর্বিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠায় অপারেশন, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বিক্রয় ব্যবস্থাপনা উন্নত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে খুলনায় বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বঙ্গবন্ধু যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েও দেশে ডিজিটাল শিল্প বিপ্লবের বীজ বপন করেছিলেন। তিনি বেতবুনিয়ায় উপগ্রহ ভূ-কেন্দ্র স্থাপন, দেশে কারিগরি শিক্ষা প্রসারে উদ্যোগ গ্রহণ, প্রাথমিক শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেন।’
তিনি আরো বলেন, ‘১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশে কম্পিউটার, ইন্টারনেট প্রযুক্তি বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগোপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর রোপণ করা বীজকে চারাগাছে রূপান্তর করেন। আমরা এখন শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রা শুরু করেছি। এ মেয়াদে আমাদের চ্যালেঞ্জ হলো আমরা দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে চারটি স্তম্ভের অধীনে সব পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম কিনা, তা নিশ্চিত করা।’










