আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভা থেকে ব্যাংকটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৯৬ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪১ পয়সা।
এর আগে ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। ২০১৯ হিসাব বছরের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।










