কিউআর কোডভিত্তিক চেকবিহীন লেনদেন করা যাবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব)। ই-কেওয়াইসির মাধ্যমে ঘরে বসেই খোলা যাবে হিসাব। আনুষ্ঠানিকভাবে গতকাল এ সেবা কার্যক্রমের উদ্বোধন হয়। একই অনুষ্ঠানে ই-ব্যাংকিং মোবাইল অ্যাপের আইওএস ভার্সনের উদ্বোধন হয়েছে।
রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে এ উদ্বোধনীর আয়োজন ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রইছউল আলম মন্ডল, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান, রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম, আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রাকাব জানায়, ব্যাংকিং সেবা প্রদানে আরেক ধাপ এগিয়ে গেল রাকাব। ই-কেওয়াইসির মাধ্যমে ঘরে বসেই ঝটপট হিসাব খুলতে পারবেন গ্রাহক। স্বয়ংক্রিয়ভাবে ‘রাকাব ই-ব্যাংকিং’-এ নিবন্ধন করা যাবে। ঘরে বসে দৈনন্দিন ব্যাংকিং ও পেপারলেস ব্যাংকিং সেবাও নিতে পারবেন সহজেই। ই-কেওয়াইসির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমের আঞ্চলিক প্রতিবন্ধকতা অনেকাংশে লোপ পাবে রাকাবে।
অন্যদিকে, রাকাবের কিউআর কোডের মাধ্যমে এখন চেকবিহীন লেনদেন করা যাবে। ফলে চেক ব্যবহারে গ্রাহকদের অতিরিক্ত চার্জ গুনতে হবে না। রাকাব ই-ব্যাংকিং মোবাইল অ্যাপ ব্যবহার করে নিরাপদ লেনদেন করতে পারবেন গ্রাহক।
এদিকে, রাকাব ই-ব্যাংকিং মোবাইল অ্যাপের আইওএস ভার্সন চালু হওয়ায় এখন থেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের মতো আইফোন ব্যবহারকারীরাও অ্যাপটির সব সুবিধা ভোগ করতে পারবেন।
বর্তমানে রাকাব ই-ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক দৈনন্দিন ব্যাংকিং লেনদেনের পাশাপাশি ব্যাংক হিসাব খোলা, রাকাব হিসাবগুলোর মধ্যে ফান্ড ট্রান্সফার, ইএফটিএন, আরটিজিএসের মাধ্যমে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার, রাকাব থেকে বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ও উপায়ে ফান্ড ট্রান্সফারসহ নেসকো, রাজশাহী ওয়াসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ইউটিলিটি বিল পরিশোধ করতে পারছেন।










