ঢাকার ভাটারায় করপোরেটদের জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো সিপিডিএল রুবিকন সিটি করপোরেট স্পোর্টস কার্নিভাল ২০২৪। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভাটারায় সিপিডিএলের নির্মাণাধীন হ্যাপি কন্ডোমিনিয়াম রুবিকন সিটি প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত সাতদিনের স্পোর্টস কার্নিভালের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে ১৫ ফেব্রুয়ারি হ্যাপি কন্ডোমিনিয়াম রুবিকন সিটি প্রকল্প প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে কার্নিভাল উদ্বোধন করা হয়।
সিপিডিএলের চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খান বলেন, সিপিডিএল ভ্যালু চেইনের অংশীদার সকল প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি সম্প্রীতির বন্ধন গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এ আয়োজন।
সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন বলেন, দেশের প্রথিতযশা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সিপিডিএলের এ ভিন্নমাত্রার উদ্যোগ সাফল্যমন্ডিত হয়েছে। ‘হ্যাপি টুগেদার’ ফিলোসফি নিয়ে আমরা কাজ করি, ইনক্লুসিভ মেথডে সবাই মিলে প্রাণোচ্ছ্বলতা নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের মূলমন্ত্র আর এজন্যই ভবিষ্যতে এ ধরনের আরো উদ্যোগ সিপিডিএল নিয়ে আসবে।
এ সময় তিনি আয়োজনে অংশ নেয়া সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, স্পোর্টস কার্নিভালে ২৮টি করপোরেট প্রতিষ্ঠানের ১০৩টি দল ব্যাডমিন্টন ও হিউম্যান ফুসবল এ দুই ক্যাটাগরিতে মোট ৯০টি ম্যাচে অংশগ্রহণ করে। ফলে প্রতিদিনই দেশের শীর্ষ এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল সিপিডিএল রুবিকন সিটি- দ্য হ্যাপি কন্ডোমিনিয়াম।
কার্নিভালের সমাপনী দিনে পুরুষ ব্যাডমিন্টনে ফাইনাল ম্যাচে বসুন্ধরা গ্রুপের প্রতিযোগিরা ইস্টার্ণ ব্যাংকের প্রতিযোগিদের হারিয়ে আর মেয়েদের ব্যাডমিন্টনে বসুন্ধরা গ্রুপের প্রতিযোগিরা সিটি ব্যাংকের প্রতিযোগিদের হারিয়ে শিরোপা অর্জন করে। অপরদিকে পুরুষ ফুসবলের ফাইনালে সিটি ব্যাংকের দুই দল একে অপরকে হারিয়ে এবং মেয়েদের ফুসবলে বসুন্ধরা গ্রুপের প্রতিযোগিরা ট্রাস্ট ব্যাংকের প্রতিযোগিদের হারিয়ে শিরোপা অর্জন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন ও অতিথিরা।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, রুবিকন সিটির ভূমি মালিক মৃধা নজরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি শফিকুল ইসলাম বাসেত, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের অতিথিসহ সিপিডিএল পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি










