কোম্পানির ইতিহাসে বড় আকারের কর্মী ছাঁটাইয়ের পর ভার্জিনিয়ায় দ্বিতীয় কার্যালয় নির্মাণকাজ স্থগিত করল অ্যামাজন। অ্যামাজন রিয়াল এস্টেট প্রধান জন শোয়েটলার এক বিবৃতিতে বলেন, পেনপ্লেস নামে কার্যালয়টির দ্বিতীয় ধাপের কার্যক্রম পেছানো হচ্ছে। এরই মধ্যে নতুন কার্যালয় নির্মাণ প্রকল্প বাস্তবায়নে আট হাজারের বেশি কর্মী নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন শোয়েটলার। ভার্জিনিয়ার আর্লিংটনে এইচকিউ২ হিসেবে পরিচিত কার্যালয়টির দ্বিতীয় ধাপের নির্মাণকাজ আপাতত স্থগিত করা হয়েছে। বছরখানেক আগে অ্যামাজনের দ্বিতীয় কার্যালয় নিজেদের করে পেতে দেনদরবার করেছে ২৩০টিরও বেশি নগর কর্তৃপক্ষ। ৩০০ কোটি ডলার করছাড়ের ঘোষণা দিয়ে তা জিতে নিয়েছিল নিউইয়র্ক। কিন্তু স্থানীয় রাজনীতিবিদ, শ্রমিক নেতা, সমাজকর্মীদের বাধার মুখে সে পরিকল্পনা ভেস্তে যায়। পরে ভার্জিনিয়ার আর্লিংটনে শুরু হয় এইচকিউ২ নির্মাণকাজ। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৩৫০ ফুটের হেলিক্স টাওয়ারের দ্বিতীয় ধাপের নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়েছিল অ্যামাজন। নতুন অফিস টাওয়ার সম্পন্ন হলে ২৫ হাজারের বেশি কর্মী অবস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এদিকে সম্প্রতি রেকর্ড ছাঁটাইয়ের মধ্যে কর্মীদের অফিসে ফেরার আহ্বান জানায় অ্যামাজন। গত মাসে সিইও অ্যান্ডি জ্যাসি জানান, সপ্তাহে অন্তত তিনদিন অফিসে আসতে হবে করপোরেট বিভাগের কর্মীদের। ১ মে থেকে এ নীতিমালা কার্যকর হবে বলে জানা গেছে। অ্যামাজনের এ সিদ্ধান্ত কর্মীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এপি