চতুর্থ প্রজন্মের ব্যাংক মিডল্যান্ড ব্যাংক পিএলসির দুই বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের সাবস্ক্রিপশন গতকাল শুরু হয়েছে। ফান্ড দুটি হলো মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড ও মিডল্যান্ড ব্যাংক ব্যালান্সড ফান্ড। চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এমডিবিএএমসি)। আর ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কাস্টডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি দায়িত্ব পালন করবে। প্রতিটি ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে মিডল্যান্ড ব্যাংক প্রতিটি ফান্ডে ১০ শতাংশ বিনিয়োগ করেছে। বাকি অর্থ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
ফান্ড দুটিতে কোনো প্রবেশ ফি বা প্রস্থান ফি থাকবে না। ফলে বিনিয়োগকারীরা নিট সম্পদমূল্য (এনএভি) অনুযায়ী ইউনিট ক্রয় ও বিক্রয় করতে এমডিবিএএমসির ইনভেস্টর পোর্টালের মাধ্যমে ডিজিটালভাবে ও কার্যালয়ে সরাসরি গিয়েও সাবস্ক্রিপশন করতে পারবেন।
এমডিবিএএমসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সামির উদ্দিন বলেন, ‘বর্তমান বাজার পরিস্থিতিতে মৌলিকভাবে শক্তিশালী কোম্পানির শেয়ার যৌক্তিক দামে সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে। সুশৃঙ্খল ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ দৃষ্টিভঙ্গি গ্রহণকারী বিনিয়োগকারীরা এ সময়ে মানসম্মত পোর্টফোলিও গঠন করে উপকৃত হতে পারেন।’
সামগ্রিক সেক্টর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘দেশে মিউচুয়াল ফান্ড সেক্টর এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুঁজিবাজারের আকারের তুলনায় সম্পদ ব্যবস্থাপনার পরিমাণ তুলনামূলকভাবে কম, যা ভবিষ্যৎ প্রবৃদ্ধির উল্লেখযোগ্য সম্ভাবনার ইঙ্গিত দেয়। প্রচলিত কার্যালয়ভিত্তিক বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতা সেক্টরের সম্প্রসারণে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এমডিবিএএমসি ডিজিটাল সমাধানের মাধ্যমে সীমাবদ্ধতা কমিয়ে বিনিয়োগকারীদের কাছে পৌঁছাতে কাজ করছে। এমডিবিএএমসি বিনিয়োগ সচেতনতা বৃদ্ধি এবং মিউচুয়াল ফান্ডকে সহজ ও কার্যকর বিনিয়োগ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।’
দেশে বর্তমানে ১০০টি বেমেয়াদি ও ৩৬টি মেয়াদি মিউচুয়াল ফান্ড কার্যক্রম পরিচালনা করছে।










