বাথরুম ফিটিংস ব্যবসা করতে একটি নতুন প্লান্ট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ। গত বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশসংক্রান্ত পরিচালনা পর্ষদের সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, নতুন প্লান্ট স্থাপনে কোম্পানিটি ৯৫ কোটি টাকা ব্যয় করবে। প্লান্টটি স্থাপনের পর এখান থেকে প্রতিদিন দেড় হাজার পিস বাথরুম ফিটিংস প্রডাক্টস উৎপাদন করতে সক্ষম হবে কোম্পানিটি। ১৫ মাসের মধ্যে এ প্লান্টের উৎপাদন কার্যক্রম শুরু করবে কোম্পানিটি।
চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বহুজাতিক কোম্পানিটির সমন্বিত বিক্রি হয়েছে ৩৮০ কোটি ৩০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ৩২৬ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত বিক্রি বেড়েছে ৫৩ কোটি ৪৩ লাখ টাকা বা ১৬ দশমিক ৩৫ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির সমন্বিত উৎপাদন খরচ বেড়েছে ৩৮ কোটি ২৫ লাখ টাকা বা ১৬ দশমিক ৬৯ শতাংশ। এ সময় কোম্পানিটির সমন্বিত কর বাবদ খরচ বেড়েছে ২ কোটি ৯৬ লাখ টাকা বা ২৫ দশমিক ৩৯ শতাংশ। এছাড়া আলোচ্য সময়ে অন্যান্য খরচ বাড়ায় কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা কমেছে ৫১ লাখ টাকার বেশি বা ১ দশমিক ১৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির এ মুনাফা হয়েছে ৪৩ কোটি ৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ কোটি ৫৫ লাখ টাকা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২ পয়সা।
এদিকে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত বিক্রি হয়েছে ১৭৯ কোটি ৬৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ১৫৩ কোটি ৪৯ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৮ কোটি ৭৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ কোটি ৫ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫২ পয়সা।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরএকে সিরামিকস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৫৩ পয়সায়।
এর আগে ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরএকে সিরামিকস। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল আরএকে সিরামিকস। ২০১৮ হিসাব বছরে ১০ শতাংশ নগদের পাশাপাশি একই হারে স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৭ হিসাব বছরেও একই হারে নগদ ও স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৪ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৩৭ টাকা ২০ পয়সা থেকে ৬৩ পয়সা থেকে ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।










