ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সপ্তম বর্ষের ময়মনসিংহ বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ জিলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক ও চূড়ান্ত বাছাই শেষে বিভাগের সেরা পাঁচ বাংলাবিদ ঢাকায় মূলপর্বে অংশ নেয়ার সুযোগ পেয়েছে।

নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা, বানান ও ভাষার সঠিক ব্যবহার ছড়িয়ে দিতে ইস্পাহানি টি লিমিটেড সপ্তমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করছে।

বাছাইপর্বে বিচারকের দায়িত্ব পালন করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব ও আবৃত্তিশিল্পী মাহীদুল ইসলাম। প্রতিযোগিতাটি পরিচালনা করেন চ্যানেল আইয়ের তাহের শিপন। পরে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ ও ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক মীর মতিউল ইসলাম।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন এবং ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে বিভাগীয় সেরা ২০ প্রতিযোগী নির্বাচন করা হয়।

পরে বিচারকেরা প্রতিযোগীদের উচ্চারণ, বানান ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাই করেন। এর ভিত্তিতে সেরা পাঁচজনকে ঢাকায় মূলপর্বে যাওয়ার জন্য নির্বাচিত করা হয়।

বাছাইপর্বে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা করে আর্থিক পুরস্কার এবং সনদ দেয়া হয়।

ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী পাবেন যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া প্রথম ১০ জন প্রতিযোগীর প্রত্যেককে একটি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত গ্রন্থাগার তৈরির জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি দেয়া হবে।

—বিজ্ঞপ্তি