মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ প্রশমনের পথে এগোচ্ছে। এতে দুই দেশের মধ্যকার পণ্য বাণিজ্য ফের চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এর প্রভাব পড়েছে শস্যপণ্যের বাজারে। এ ধারাবাহিকতায় শুক্রবার যুক্তরাষ্ট্রে গম ও সয়াবিনের দাম বেড়ে গত বছরের গ্রীষ্মের পর থেকে সর্বোচ্চে পৌঁছেছে। একই দিনে ভুট্টার দাম বেড়ে আট সপ্তাহের সর্বোচ্চে উন্নীত হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

শিকাগো বোর্ড ট্রেডে (সিবিওটি) শুক্রবার কার্যদিবস শেষে মার্চে সরবরাহ চুক্তিতে আগের দিনের তুলনায় ৯ সেন্ট বেড়ে প্রতি বুশেল (এক বুশেলে ৬০ পাউন্ড) গম ৫ ডলার ৫৮ সেন্টে বেচাকেনা হয়। এ কার্যদিবসের শুরুতে খাদ্যপণ্যটির দাম ৫ ডলার ৬১ সেন্টে উঠে যায়, যা ২০১৮ সালের আগস্টের পর সর্বোচ্চ।

একই কার্যদিবসের এক পর্যায়ে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের দাম ৯ ডলার ৫০ সেন্টে উন্নীত হয়, যা ২০১৮ সালের জুনের পর সর্বোচ্চ। তবে দিন শেষে কৃষিপণ্যটির দাম আগের দিনের তুলনায় ৫ সেন্ট কমে ৯ ডলার ৪১ সেন্টে দাঁড়ায়।

এদিকে সিবিওটিতে একই কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বেচাকেনা হয়েছে ৩ ডলার ৮৯ সেন্টে, যা চলতি বছরের ১ নভেম্বরের পর সর্বোচ্চ।

চীন বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক দেশ। যুক্তরাষ্ট্র পণ্যটির শীর্ষ রফতানিকারক দেশ। বাণিজ্যযুদ্ধের জেরে দুই দেশের মধ্যে পণ্যটির বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তি সইয়ে একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।