বৈশ্বিক রিটেইল ও ই-কমার্স জায়ান্ট আলিবাবার একটি প্রতিনিধি দল গতকাল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে দেখা করেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ডিজিটাল মার্কেটপ্লেসে বাংলাদেশের পোশাক খাতকে এগিয়ে নেয়ার তাগিদ দেয়া হয়।
আলিবাবা প্রতিনিধি দলে ছিলেন গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, ড্যানিয়েল ঝু, গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের প্রধান টিম সং, সেলস প্ল্যানিং ও অপারেশন লু ফ্যান এবং বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাসরি মা।
বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, ট্রেডেশি লিমিটেডের চেয়ারম্যান রাজীব হোসেন, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শাদাব এম পারভেজ এবং প্রাগমা সিস্টেমসের সভাপতি কামরুল মিনা ।
বৈঠকে বর্তমান বৈশ্বিক অনলাইন বাজারের পরিস্থিতি, পরিবর্তনশীল প্রবণতা ও অনলাইন মার্কেটপ্লেসে বাংলাদেশী পোশাক খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ আলিবাবার অনলাইন প্লাটফর্মের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে বাংলাদেশী পোশাক রফতানিকারকদের জন্য ব্যবসার সুযোগ তৈরির লক্ষ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করে।
তারা বাংলাদেশের পোশাক রফতানিকারকদের সক্ষমতা আরো বাড়ানোর জন্য আলিবাবা থেকে প্রযুক্তিগত জ্ঞান ভাগাভাগি ও প্রশিক্ষণের উদ্যোগগুলোকে সম্পৃক্ত করে একসঙ্গে কাজ করার প্রচেষ্টার ওপরও নজর দেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখা ও নতুন সুযোগগুলোকে পুঁজি করে বাজার প্রবণতার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ওপর জোর দেন। তিনি বাংলাদেশের পোশাক খাতের ভার্চুয়াল মার্কেটপ্লেসে অপার সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।










