পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বিক্রি বাবদ আয় বেড়েছে। তবে বিভিন্ন খরচ শেষে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে প্রায় ৬০ শতাংশ। 

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে এপেক্স ফুটওয়্যারের নিট আয় হয়েছে ৩৬১ কোটি ২২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ২৮৩ কোটি ৭৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট আয় বেড়েছে ৭৭ কোটি ৪৬ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ২৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৩ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১ কোটি ৮৫ লাখ টাকা বা ৫৯ দশমিক ৫১ শতাংশ। সর্বশেষ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪০ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩২ টাকা ৯৬ পয়সায়। 

এদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির নিট আয় হয়েছে ১ হাজার ১৬২ কোটি ২৭ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৪৯ কোটি ৮৫ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ৪ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ কোটি ৯০ লাখ টাকা।