নির্ধারিত রেকর্ড ডেটসংক্রান্ত কারণে আগামীকাল পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। সম্প্রতি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত ৩ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সম্মতি পাওয়ার পর ঘোষিত স্টক লভ্যাংশের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে এ রেকর্ড ডেট ঠিক করেছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।