চলতি বছরের এপ্রিল-সেপ্টেম্বরে জাপানে দেউলিয়া করপোরেট প্রতিষ্ঠানের সংখ্যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৯ শতাংশ বেড়েছে। টোকিও শোকো রিসার্চ নামে একটি ক্রেডিট গবেষণা সংস্থার জরিপে বলা হয়েছে, এপ্রিল-সেপ্টেম্বরে প্রায় ৩ হাজার ১৪১ প্রতিষ্ঠান ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে। এতে দেশটিতে দেউলিয়া প্রতিষ্ঠানের সংখ্যা
তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি। জাপানভিত্তিক বার্তা সংস্থা কিয়োদো এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টোকিও শোকো রিসার্চ বলছে, কভিড-১৯ মহামারী মোকাবেলায় সরকারের কাছ থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা পরিশোধে কোম্পানিগুলো যে অসুবিধার সম্মুখীন হয়েছিল তার কারণেই করপোরেট দেউলিয়াত্বের উত্থান ঘটেছে।
গবেষণা প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, মার্কিন ডলার ও অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে ইয়েনের দুর্বলতা এবং কাঁচামালের উচ্চমূল্যের ফলে ঋণ পরিশোধে অক্ষমতা তৈরি হয়েছে, এ কারণে কোম্পানিগুলো ক্রমবর্ধমান মামলার সম্মুখীনও হচ্ছে।
এদিকে দেউলিয়া হয়ে পড়া কোম্পানিগুলোর রেখে যাওয়া মোট দায় ছয় মাসের মধ্যে তিন গুণ বেড়ে ১ দশমিক ৭৪ ট্রিলিয়ন ইয়েন (১১ দশমিক ৭০ বিলিয়ন ডলার) হয়েছে।
শিল্প ও পরিবহন খাতে ১৬২টি দেউলিয়াত্বের ঘটনা ঘটেছে, যা গত তিন বছরের তুলনায় ৪২ দশমিক ১ শতাংশ বেশি। ধারণা করা হচ্ছে, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা থেকে সৃষ্ট উচ্চ জ্বালানির দামের কারণে এমনটা ঘটেছে। তবে, আবাসন খাতজুড়ে বিপরীত চিত্র দৃশ্যমান। সংশ্লিষ্ট এ খাতটিতে মামলা হয়েছে
১০৪টি, যা আগের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ কম। শুধু তাই নয়, গত ৩০ বছরের মধ্যেও সবচেয়ে কম।
অবশ্য, এক বছর আগের ৫৯৯-এর তুলনায় গত সেপ্টেম্বরে দেশটিতে করপোরেট দেউলিয়াত্বের হার বেড়েছে ১৮ দশমিক ৬ শতাংশ। মোট দায়ের পরিমাণ ১৪৪ দশমিক ৮৭ বিলিয়ন ইয়েন।










