চীনকে হটিয়ে ভারতের শীর্ষ বাণিজ্য অংশীদার হিসেবে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের উপাত্তে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের শীর্ষ অর্থনীতির সঙ্গে গত কয়েক বছরে ভারতের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রভাব এতে ফুটে উঠেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের উপাত্তে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ১১ হাজার ৯৪২ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরে যেখানে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ৮ হাজার ৫১ কোটি ডলার।

২০২১-২২ অর্থবছরে চীনের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ১১ হাজার ৫৪২ কোটি ডলার। এর আগের অর্থবছরে এর আকার ছিল ৮ হাজার ৬৪০ কোটি ডলার।

২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের রফতানি হয়েছে ৭ হাজার ৬১১ কোটি ডলার। এর আগের অর্থবছরে যেখানে রফতানি ছিল ৫ হাজার ১৬২ কোটি ডলার। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি হয়েছে ৪ হাজার ৩৩১ কোটি ডলারের পণ্য। এর আগের বছর যেখানে আমদানি হয়েছিল ২ হাজার ৯০০ কোটি ডলারের পণ্য।

চীন থেকে আমদানি বেশি হলেও ভারতের রফতানি অনেক কম। ২০২১-২২ অর্থবছরে চীনে ভারতের রফতানি হয়েছে ২ হাজার ১২৫ কোটি ডলারের পণ্য। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ২ হাজার ১১৮ কোটি ডলার। বিপরীতে ২০২১-২২ অর্থবছরে চীন থেকে ভারতের আমদানি হয়েছে ৯ হাজার ৪১৬ কোটি ডলারের পণ্য। এর আগের বছরে আমদানির পরিমাণ ছিল ৬ হাজার ৫২১ কোটি ডলার। এশিয়ার শীর্ষ দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭ হাজার ২৯১ কোটি ডলার। গত অর্থবছরে এ বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৪ হাজার ৪০০ কোটি ডলার। দ্বিপক্ষীয় বাণিজ্য কমলেও এখনো বিভিন্ন পণ্য ও শিল্প উপকরণ আমদানিতে চীনের ওপর বড় আকারে নির্ভরশীল ভারত।

এদিকে বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলোতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে ভারতের। অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সম্পর্ক জোরদারে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে বেশ ইতিবাচক তত্পরতা লক্ষ করা যাচ্ছে।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের ভাইস প্রেসিডেন্ট খালিদ খান বলেন, বিশ্বমঞ্চে বিশ্বস্ত বাণিজ্য অংশীদার হিসেবে দাঁড়াচ্ছে ভারত। সরবরাহ চেইনসহ বিভিন্ন ইস্যুতে চীনের বিকল্প গন্তব্য হিসেবে ভারতকে বাছাই করছে অনেক বৈশ্বিক প্রতিষ্ঠান।

তিনি আরো বলেন, সামনের দিনগুলোয় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আরো বাড়বে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) চালু হলে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে।

ভারত থেকে যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া প্রধান পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে পেট্রোলিয়াম পলিশড ডায়মন্ড, ওষুধ-পথ্য, গহনা, তেল ও পেট্রোলিয়াম ও হিমায়িত চিংড়ি। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করেছে তার মধ্যে রয়েছে পেট্রোলিয়াম, অমসৃণ হীরা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), স্বর্ণ, কয়লা ও বাদাম।

ভারতের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে এমন হাতেগোনা কয়েকটি দেশের একটি যুক্তরাষ্ট্র। ২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ৩ হাজার ২৮০ কোটি ডলার।

সরকারি উপাত্তে দেখা গেছে, ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ অর্থবছর এবং ২০২০-২১ অর্থবছরে ভারতের শীর্ষ বাণিজ্য অংশীদার ছিল চীন। এর আগে ভারতের শীর্ষ বাণিজ্য অংশীদার ছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

২০২১-২২ অর্থবছরে ভারতের বৃহৎ বাণিজ্য অংশীদারের তালিকায় তৃতীয় স্থান ইউএইর। উপসাগরীয় দেশটির সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ৭ হাজার ২৯০ কোটি ডলার। ভারতের শীর্ষ বাণিজ্য অংশীদারের তালিকায় এরপর রয়েছে সৌদি আরব (৪ হাজার ২৮৫ কোটি ডলার), ইরাক (৩ হাজার ৪৩৩ কোটি ডলার) ও সিঙ্গাপুর (৩ হাজার কোটি ডলার)।