দেশের পুঁজিবাজা‌রে গতকাল বি‌নি‌য়োগকারী‌দের ম‌ধ্যে মুনাফা তু‌লে নেয়ার প্রবণতা দেখা গে‌ছে। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৭৪ শতাংশ শেয়া‌রের দাম কমে‌ছে। পাশাপ‌া‌শি এদিন পুঁ‌জিবাজা‌রের সূচক ও লেন‌দেনও ক‌মে‌ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট সূচক ঊর্ধ্বমুখী ছিল। এরপর তা পড়তে শুরু করে। মাঝে দুবার সূচকের সামান্য ঊর্ধ্বমুখিতা দেখা গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধে সূচকের আরো বেশি পতন ঘটে। গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৪২৫ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৬৬ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে প্রায় ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৯৪ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ন্যাশনাল ব্যাংক লিমিটেড, রেনাটা লিমিটেড, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক ও বেক্সিমকো ফার্মার শেয়ারের।

ডিএসইতে গতকাল সূচকের পাশাপাশি লেনদেন কমেছে ২ দশমিক ৮ শতাংশ। এদিন ১ হাজার ৬৪৬ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৬৯৩ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৯৫টির আর অপরিবর্তিত ছিল ৩৯টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৩ শতাংশ দখলে ছিল ব্যাংক খাতের। ৯ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে ছিল প্রযুক্তি খাত। মোট লেনদেনের ৮ দশমিক ৯ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। বস্ত্র খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ৭ শতাংশ। গতকাল ডিএসইতে ভ্রমণ, প্রযুক্তি, বিবিধ, কাগজ ও খাদ্য খাতে ইতিবাচক রিটার্ন এসেছে। আর নেতিবাচক রিটার্ন হয়েছে সিরামিক, মিউচুয়াল ফান্ড, আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল ও জীবন বীমা খাতের।

অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন নিম্নমুখী ছিল। নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৫ পয়েন্ট কমে ১১ হাজার ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ১১২ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৬১ পয়েন্ট কমে ১৮ হাজার ৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৮ হাজার ৫৬২ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৬৬টির আর অপরিবর্তিত ছিল ৩৩টির বাজারদর। গতকাল সিএসইতে ২৪ কোটি ৯২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪০ কোটি ২৮ লাখ টাকা।