চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৪ দশমিক ২ শতাংশ কমার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির অর্থ বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, চিপ সংকটের কারণে জাপানে গাড়ি উৎপাদন কমে গিয়েছে। এ কারণে নিম্নমুখী হতে শুরু করেছে ইস্পাতের চাহিদা।
এ আশঙ্কা সত্য হলে এটি হতে যাচ্ছে টানা দ্বিতীয় প্রান্তিকের মতো ইস্পাত উৎপাদন কমে যাওয়ার ঘটনা। মন্ত্রণালয়ের প্রাক্কলন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ২ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টনে নামতে পারে। গত বছরের একই সময় উৎপাদন হয়েছিল ২ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টন।
গত বছরের দ্বিতীয় প্রান্তিকে তুলনায় উৎপাদন কমলেও চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় উৎপাদন বাড়তে পারে ১ দশমিক ১ শতাংশ। প্রথম প্রান্তিকে সব মিলিয়ে ২ কোটি ৩০ লাখ ৮০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছিল।
এদিকে দ্বিতীয় প্রান্তিকে রফতানিযোগ্যসহ সব ধরনের ইস্পাতের চাহিদা দশমিক ৫ শতাংশ কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। চাহিদার পরিমাণ দাঁড়াবে ২ কোটি ৯ লাখ ৮০ হাজার টনে।
জাপান বিশ্বের তৃতীয় শীর্ষ ইস্পাত উৎপাদক দেশ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির ইস্পাত রফতানি দশমিক ৪ শতাংশ কমে যাওয়ার পূর্বাভাস মিলেছে। রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ৬৯ লাখ টনে।










