ভারতে চিনি রফতানি লক্ষণীয় মাত্রায় বাড়ছে। রফতানি বৃদ্ধিতে সহায়তা করছে ঊর্ধ্বমুখী দাম। এছাড়া ব্রাজিলে উৎপাদন ব্যাহত হওয়ার সুযোগে ভারত বিশ্ববাজারে নিজেদের অবস্থান পোক্ত করে নিচ্ছে।
২০২১-২২ বিপণন মৌসুমে ভারতের চিনি রফতানি ৮৫ লাখ টন স্পর্শ করতে পারে। সম্প্রতি এ পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়া সুগার মিলস অ্যাসোসিয়েশন।
তথ্য বলছে, গত বছরের অক্টোবরে ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে মৌসুম শেষ হবে। চলতি মৌসুমের জন্য দেশটির মিলগুলো এরই মধ্যে ৭২ লাখ টন চিনি রফতানির চুক্তি করেছে। গত মাসের শেষ পর্যন্ত সব মিলিয়ে রফতানি হয়েছে ৫৬-৫৭ লাখ টন।
মিলগুলোয় এখনো আখ মাড়াই কার্যক্রম চলছে। কারণ মার্চের শেষ নাগাদ ৩৬৬টি মিলের কার্যক্রম চালু ছিল। এ সময় ১৫২টি মিলে মাড়াই বন্ধ হয়ে যায়।
অ্যাসোসিয়েশন জানায়, চলতি ২০২১-২২ বিপণন মৌসুমের এখন পর্যন্ত ভারতে ৩ কোটি ৯ লাখ ৮৭ হাজার টন চিনি উৎপাদন হয়েছে। গত মৌসুমের একই সময় উৎপাদন হয়েছিল ২ কোটি ৭৮ লাখ ৭১ হাজার টন। সে হিসেবে উৎপাদন বেড়েছে।
মহারাষ্ট্র, উত্তর প্রদেশ ও কর্নাটক ভারতের প্রধান তিন চিনি উৎপাদক প্রদেশ। এ তিনটির মধ্যে মহারাষ্ট্রে ১ কোটি ১৮ লাখ ৮১ হাজার টন চিনি উৎপাদন হয়েছে। গত বছরের একই সময় উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৪৭ হাজার টন।
উত্তর প্রদেশে উৎপাদন নিম্নমুখী ছিল। মার্চের শেষ নাগাদ ৮৭ লাখ ৫০ হাজার টন চিনি উৎপাদন হয়। গত বছরের একই সময় উৎপাদনের পরিমাণ ছিল ৯৩ লাখ ৭১ হাজার টন।
কর্নাটক প্রদেশে উৎপাদন বেড়ে ৫৭ লাখ ৬৫ হাজার টন চিনি উৎপাদন হয়। গত বছরের একই সময় উৎপাদনের পরিমাণ ছিল ৪২ লাখ ৩৮ হাজার টন।










