ব্রিটিশ ভ্রমণকারীদের জন্য সর্বশেষ কভিড বিধিনিষেধও তুলে নিয়েছে স্পেন। এ কারণে কভিড পরীক্ষা কিংবা টিকা নেয়ার প্রমাণ ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারবে ভ্রমণকারীরা। এর আগে পর্যটকদের কভিড প্রতিরোধী টিকা, নেতিবাচক পরীক্ষার সনদ কিংবা সম্প্রতি করোনা সেরে ওঠার প্রমাণ দেখাতে হতো। খবর বিবিসি।
চলতি মাসের শেষ দিকে যুক্তরাজ্যে শুরু হতে যাওয়া হাফ-টার্ম বিদ্যালয় ছুটির আগেই এ বিধি তুলে নিল ইউরোপের জনপ্রিয় পর্যটন গন্তব্যের দেশটি। পর্যটন খাতের এজেন্টরা বলছে, স্পেনে ছুটি কাটানোর চূড়ান্ত বাধা সরানো হয়েছে। এর আগেই অন্য ইউরোপীয় গন্তব্য যেমন ফ্রান্স, ইতালি ও গ্রিস এ বিধিগুলো শিথিল করেছিল।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা আগত ভ্রমণকারীরা আর নিয়ন্ত্রণের অধীনে থাকবে না। শুক্রবার থেকে নতুন বিধি কার্যকর হয়েছে।
পর্যটন খাতের এজেন্ট নেটওয়ার্ক অ্যাডভান্টেজ ট্রাভেল পার্টনারশিপের প্রধান নির্বাহী জুলিয়া লো বু-সাইদ বলেন, বিধিনিষেধ ভ্রমণের ক্ষেত্রে বড় একটি বাধা ছিল। বিশেষ করে টিকা না নেয়া ব্যক্তিদের জন্য ভ্রমণ অনেকটা অসাধ্য ছিল। আমরা চলতি বছরের প্রথম দিকে গ্রিসের মতো দেশগুলোকে কভিড বিধিনিষেধ শিথিল করতে দেখেছি। এরপর গ্রীষ্মের ভ্রমণ মৌসুমে দেশগুলোয় পর্যটকের ভিড় বেড়ে গিয়েছিল।










