চীনে কভিড-১৯ টিকা সরবরাহের জন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা করছে মডার্না ইনকরপোরেশন। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল।

সম্প্রতি রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অনেক দেশে ধীরে ধীরে কভিড বিধিনিষেধ বাতিল করলেও চীনের বিভিন্ন প্রদেশে এখনো লকডাউন কার্যকর রয়েছে। পাশাপাশি নভেল করোনাভাইরাসটি চিহ্নিত করতেও কভিড পরীক্ষা করা হচ্ছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর দেশটিতে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। টিকা আবিষ্কারের পর এখন পর্যন্ত চীনে বিদেশী কোনো প্রতিষ্ঠানের টিকা অনুমোদন পায়নি। নিজস্ব তৈরি কয়েকটি টিকার ওপরই নির্ভর করছে দেশটি।

টোকিওতে এক সংবাদ সম্মেলন শেষে চীনে এমআরএনএ টিকা সরবরাহ নিয়ে স্টিফেন ব্যানসেল বলেন, দেশটিতে ভ্যাকসিন সরবরাহে আমাদের সামর্থ্য রয়েছে।